
স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন কেএমআরসিএল এর এমডি। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 6 September 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ ধাপের কাজ চলাকালীন ফের বৌবাজারের দুর্গা পিতুরি লেনে মাটির তলা থেকে জল বের হওয়ায় শুক্রবার সকালে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় কাউনন্সিলর এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন কেএমআরসিএল এর এমডি অনুজ মিত্তল। তাঁদের সঙ্গে কথা বললেন। শোনেন অভিযোগও।
পরে এমডি জানান, "সংশ্লিষ্ট এলাকার মাটি খারাাপ। সেকারণেই ওয়াটার লিকেজের ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। বাসিন্দাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।"
একই সঙ্গে তিনি বলেন, "আমাদের প্রথম কাজ মানুষের সুরক্ষা নিশ্চিত করা। তাতে সময় লাগুক বা খরচ বাড়ুক, কিন্তু মানুষের সুরক্ষা সবার আগে। সে কারণে জল ঢোকার খবর পাওয়া মাত্র ওই এলাকার মানুষজনকে সঙ্গে সঙ্গে আমরা সরিয়েছি।"
প্রকল্প রূপায়ণের আগে তো মাটি পরীক্ষাও করা হয়েছিল। তখন কি কিছু ধরা পড়েনি? মিত্তল বলেন, "১৫ কিলোমিটার সুড়ঙ্গে কোথাও কোনও সমস্যা হয়নি। মাত্র ২০০ মিটার এলাকায় এই সমস্যা রয়েছে। সেটাও আপাতত সম্ধান করা হয়েছে।"
তবে পুনরায় যাতে এই সমস্যা আবারও না হয়, সেজন্য এদিন মেট্রোর ইঞ্জিনিয়র এবং স্থানীয় লোকজনকে নিয়ে তিনি একটি কমিটি গঠনের আশ্বাসও দিয়েছেন। ওই কমিটিতে থাকবেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দেও। এমডি বলেন, "আগামী সোমবার থেকে শুক্রবারের মধ্যে কমিটি গঠন করা হবে। স্থানীয় লোক ও ইঞ্জিনিয়ররা যৌথভাবে আমাকে নিয়মিত রিপোর্ট দেবেন। কোথাও কোনও সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে।"
প্রসঙ্গত, প্রায় দু'বছর আগে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল। পরে দেখা যায় ওই এলাকায় মেট্রোরেলের সুড়ঙ্গে সমস্যার জন্যই ওই ফাটল দেখা গিয়েছে। মেট্রোরেলের তরফে এর পর ওই এলাকার সুড়ঙ্গের ভিতর কংক্রিট ঢেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নিরাপত্তার কারণে বাসিন্দাদের সাময়িকভাবে হোটেলেও রেখেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। পুজোর আগে ফের এমন সমস্যা দেখা দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ।