
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 26 December 2024 00:48
দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ গায়ে মেখে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন বুধবার। বড়দিন বলে কথা। সকলেই উৎসবের মেজাজে গা ভাসিয়েছিলেন পর্যটন কেন্দ্রগুলিতে। কলকাতায় রেকর্ড ভিড় হল এদিন। কিন্তু বৃষ্টির জন্য বাকি পর্যটন স্থান বলল 'বাজার খারাপ।' কোথায় কেমন যিশু উৎসব কাটল? আসুন দেখে নেওয়া যাক।
শান্তিনিকেতন
একদিকে পৌষমেলা অন্যদিকে বড়দিনের উৎসব। সবমিলিয়ে জমজমাট শান্তিনিকেতন। বুধবার সন্ধেয় আলোয় ও গানে গানে খ্রিস্টোৎসব উদযাপিত হয়। প্রবেশ করতে পেরেছিলেন পর্যটকরাও।
দিঘা
২৪ তারিখ সকাল থেকেই টিপটিপ বৃষ্টি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টির পরিমাণ। চেনা চিত্র পাল্টে যায় দিঘার। দেখা মিলল না পর্যটকের। বড়দিনেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় দিঘায় কমল পর্যটকদের সংখ্যা। অনেকেই বলছেন, 'এবার বাজার খারাপ।'
পার্কস্ট্রিট
সকাল থেকে দুপুর পর্যন্ত সেভাবে কারও দেখা মেলেনি ফলে মনে করা হচ্ছিল এবারে ভিড়টা বোধহয় কম হবে। কিন্তু সন্ধে গড়াতেই চেনা ছন্দে ফিরল পার্কস্ট্রিট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নামল মানুষের ঢল।
ভিক্টোরিয়া
ঘোড়ার চলাফেরা ও ঘোড়ার গাড়ির আওয়াজ জানান দিচ্ছিল, আজ উৎসব। থিকথিক করছে লোক ভিক্টোরিয়া চত্বরে। ভিতরে পিকনিকের মুডেও দেখা গেল বহু মানুষকে। কেউ গাছের ডালে বসে, তো কেউ চাদর পেতে মাঠে। ভিক্টোরিয়ার পাশাপাশি চেনা ভিড় ছিল বিড়লা তারামণ্ডল, সেন্ট পলস ক্যাথিড্রাল, রবীন্দ্রসদন ও নন্দন চত্বরে।
আলিপুর চিড়িয়াখানা
উপচে পড়ছে ভিড়। চারিদিকে শুধু কালো মাথা। ভিড়ের চোটে কিছু লোক তাজ বেঙ্গলের ফুট দিয়ে হাঁটা শুরু করেন দুপুরের দিকে। হালকা এক-দু ফোঁটা বৃষ্টিও গায়ে লাগল না শীতে। আলিপুর চিড়িয়াখানার এই ভিড় বেশ চেনা বাঙালির।
প্রিন্সেপ ঘাট
ছুটির দিন, যাঁরা উপরের একটিতেও যেতে পারেননি তাঁরা পৌঁছে গেছিলেন প্রিন্সেপ ঘাটে। দিনভর ভিড় ছিল চোখে পড়ার মতো।
দার্জিলিং
একেবারে চেনা ছন্দে দার্জিলিংকে পাওয়া গিয়েছে বুধবার। চারিদিকে মাথায় লাল আলো লাগানো মানুষজন। ম্যালে হেঁটে বেড়াচ্ছে ছোট-বড় সান্তারা। উপচে পড়া ভিড় কেভেন্টার্স, গ্লেনারিজে। শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গের বাকি পর্যটন কেন্দ্রগুলিতেও চোখে পড়ার মতো ভিড় ছিল এদিন।
যাদুঘর
কে কাকে টেক্কা দেবে, ভিড় দেখে মনে হচ্ছিল এমন কোনও প্রতিযোগিতা চলছে বোধহয়। যাদুঘরেও উপচে পড়ছিল ভিড়। এছাড়া ইকো পার্ক, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, ডায়মন্ড হারবার গঙ্গার ধার, রায়পুর ভিড় ছিল সর্বত্র।