
শেষ আপডেট: 9 April 2024 08:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একাধিক স্কুলে হুমকি ইমেল নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছে মেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে যে প্রতিটি ক্লাসে বোমা রাখা আছে। পড়ুয়ারা ক্লাসে এলেই বিস্ফোরণ হবে। শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলায় বহু স্কুলে এমন হুমকি চিঠি গেছে। এরপরেই পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কারা এই মেইল পাঠাল, কেনই বা পাঠানো হল, তা স্পষ্ট নয়। মেইলে রয়েছে দুটি নাম- ডল ও চ্যাং।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত কোনও স্কুলে বোমা পাওয়া যায়নি। তবে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়ে খোঁজখবর চালাচ্ছে। ইমেলগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার রাত ১২ টার পর মেল ঢুকতে শুরু করে স্কুলগুলির ইমেল আইডিতে। সেই মেলে লেখা ছিল, “প্রত্যেক ক্লাসরুমে বোমা রাখা হয়েছে। এক নিমেষে বিস্ফোরণ ঘটানো হবে। যখন সবাই স্কুলে থাকবে, তখনই ঘটবে বিস্ফোরণ। রক্তের বন্যায় ভেসে যাবে স্কুল।”
— Kolkata Police (@KolkataPolice) April 9, 2024
কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে এই খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতা-সহ বিভিন্ন জেলার একাদিক স্কুলে হুমকি ইমেল এসেছে। ‘হ্যাপিহটডগ১০১’ নামের একটি ইমেল আইডি থেকে রাজ্যের বিভিন্ন স্কুলকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। তবে এটা পুরোপুরি ভুয়ো।
পুলিশ জানাচ্ছে, বেঙ্গালুরু ও চেন্নাইতেও আগে এমন ঘটনা ঘটেছিল। ভয়ের কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছে পুলিশ। জানা গেছে, যে স্কুলগুলিতে হুমকি চিঠি গেছে সেখানে আঁতিপাতি করে তল্লাশি চালিয়েও বোমা পাওয়া যায়নি। এর থেকেই বোঝা যাচ্ছে সেগুলো ভুয়ো ছাড়া আর কিছুই নয়। অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই বিষয় নিয়ে গুজব ছড়াতে বা আতঙ্ক তৈরি করতে বারণ করেছে পুলিশ। পড়ুয়ারা সুরক্ষিত থাকবে বলেই জানানো হয়েছে।
কলকাতার অভিনব ভারতী স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত হুমকি চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ভোর রাত থেকে মেলগুলো আসতে শুরু করে। বোমা মেরে ক্লাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে মেলগুলো ভুয়ো বলেই মনে করছেন তিনি। স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।