
কলতান দাশগুপ্ত
শেষ আপডেট: 18 September 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, রাজ্যের থেকে তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও ক্ষতিপূরণের দাবিতে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন কলতান।
এদিন তাঁর হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, কলতান দাশগুপ্তকে একটি অডিও ক্লিপিং এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ওই অডিও ক্লিপের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগ আনে পুলিশ। তাঁর ভয়েস টেস্ট করা হয়নি। যে অডিও ক্লিপিংয়ে পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সেখানে একমাত্র ১৯৬ ধারা জামিন অযোগ্য। বাকি সব ধারা জামিন যোগ্য।
বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "পুলিশের করা এফআইআর খারিজ করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তদন্ত করা হোক। কারণ কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছিল শুধুমাত্র একটি অডিও ক্লিপিং এর ভিত্তিতে। তাকে ৪১এ, ধারায় কোনও নোটিস দেওয়া হয়নি।"
বিকাশরঞ্জনের বক্তব্য, আগে গ্রেফতার করে তার পরে গ্রেফতারির সমর্থনে যুক্তি খোঁজা হয়েছে। সে কথা শুনে বিচারপতি মন্তব্য করেন, এ ধরনের গ্রেফতারি তো ‘ঔপনিবেশিক বদভ্যাস’!
সল্টলেকে আন্দোলনরত ডাক্তারদের অবস্থান মঞ্চে আক্রমণের ছক কষা হচ্ছে এমন একটি ভয়েজ রেকর্ড সামনে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময়েই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিধাননগর কমিশনারেট। ওই মামলাতেই গত শনিবার সকালে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসের ২২৪, ৩৫২, ৩৫৩(এ)(বি)(২), ১৯৬ ও ৬১ ধারা দেওয়া হয়েছে। বিধাননগর আদালত কলতানকে আগামী ২১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই এফআইআর খারিজ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন কলতান। বুধবার মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কলতানের গ্রেফতারির বৈধতা নিয়ে।
শুনানির সময় সরকারি আইনজীবী জানান, ১৩ তারিখ দুটি ফোনে দুজনের কথোপকথন হয়। ১৪ তারিখ গ্রেফতার করা হয়। পুলিশ সঞ্জীব দাসকে গ্রেফতার করার পর তাঁর ফোন থেকে পুলিশ কল রেকর্ড পায়। ১৬১ ধারায় গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল দুই অভিযুক্তের। সেখানে তারা বলেছে কথোপকথন হয়েছিল। দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
দু’পক্ষের বক্তব্য শোনার পর কলতানের গ্রেফতারির কারণ নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই মামলার পরবর্তী শুনানি। বামেদের আশা, যে ভাবে শুনানি প্রক্রিয়া চলেছে তাতে বৃহস্পতিবার জামিন পেতে পারেন কলতান।