
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 January 2025 23:04
দ্য ওয়াল ব্যুরো: সাঁতরাগাছি ঝিল সংলগ্ন জমি রেলকে দখল মুক্ত করতেই হবে। সোমবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
বহুদিন আগে সাঁতরাগাছি ঝিলের উত্তর দিকের জমি দখল করে বেশ কয়েকটি দোকান তৈরি হয়। সাঁতরাগাছি ঝিল সংলগ্ন ওই বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে আগেই নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করতে পারেনি রেল কর্তৃপক্ষ। আর এর মাঝেই পুনর্বাসনের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন ১১ জন বেআইনি দখলদার।
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। দখলদারদের আইনজীবী দাবি করেন, ট্রাইব্যুনাল নির্দেশে পুনর্বাসনের কথা উল্লেখ করলেও তা না করেই রেল উচ্ছেদ করছে। এই বক্তব্যের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের ওই সংক্রান্ত নির্দেশের কপি দেখতে চান বিচারপতি সিনহা। কিন্তু এরকম কোনও নির্দেশের কপি দেখাতে পারেননি ওই আইনজীবী।
এরপরই বিচারপতি সিনহা জানিয়ে দেন, ওখানে কোনও ওই দোকানগুলি রাখা চলবে না। ঝিল সংলগ্ন ওই জমি দখল মুক্ত করতেই হবে রেলকে। বিচারপতি নির্দেশ দেন, পুনর্বাসনের বিষয়টি নিয়ে মামলাকারীকে ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে। এই ব্যাপারে হাইকোর্ট কোনও নির্দেশ দেবে না।
উল্লেখ্য দূষণ ও দখলদারির কারণে সাঁতরাগাছি ঝিল থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা। চলতি মরশুমে পাখিদের দেখা মেলেনি। যা নিয়ে বেশ চিন্তায় পরিবেশবিদরা।