
শিশির অধিকারী এবং কুণাল ঘোষ
শেষ আপডেট: 27 June 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই মামলায় বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার মেয়াদ আরও বাড়ানো হল। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে।
কুণালের অভিযোগ ছিল, তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন শিশির অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতেই গত জানুয়ারি মাসে শিশিরের বিরুদ্ধে সমন জারি করেছিল কলকাতার নগর দায়রা আদালত। তবে ফেব্রুয়ারি মাসেই এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিশির। তাঁর আর্জির প্রেক্ষিতেই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার সেই স্থগিতাদেশের মেয়াদই আরও বাড়ল।
শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, একাধিকবার সম্পত্তির পরিমাণ নিয়ে ভুল তথ্য দিয়েছেন তিনি। ২০০৯ লোকসভা ভোটের হলফনামায় তিনি ১০ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে বলে উল্লেখ করেছিলেন। পরবর্তী সময়ে ২০১৯ সালে লোকসভা ভোটের সময়ে শিশিরের দাবি ছিল তিনি ৩ কোটি টাকার মালিক। এই ইস্যুতে তদন্তের দাবি তোলা কুণালকে পাল্টা 'জেলখাটা আসামি' বলে আক্রমণ করেছিলেন শিশির অধিকারী। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ।
কলকাতা হাইকোর্ট এই মামলায় বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ এই মামলার শুনানি হবে।