
হেস্টিংস থানার সামনে বিক্ষোভ
শেষ আপডেট: 15 October 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: নিউ আলিপুরে এক যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে দাবি করছে পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে যুবককে। মৃতের নাম নিশান্ত চৌধুরী। বয়স ২২ বছর। হেস্টিংস থানা এলাকায় যুবকের মৃত্যু হয়েছে, এমনটাই বলছে পুলিশ। কিন্তু তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানার বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা।
জানা যাচ্ছে, ভোরবেলা একটা ফোন আসে পরিবারের কাছে। নিশান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। বলা হয়, তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, নিশান্ত মারা গেছেন।
রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানাচ্ছেন পুলিশের কর্তারা। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, দু'টি ট্রেলারের মাঝে ধাক্কা লেগে স্কুটি নিয়ে পড়ে যান নিশান্ত। পিছনে এক মহিলাও বসে ছিলেন। তিনিও আহত হয়েছেন। কারও মাথাতেই হেলমেট ছিল না।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। পরিবারের দাবি, নিশান্তের বান্ধবী প্রথমে নিশান্তকে অ্যাপ বাইকের ড্রাইভার বলে পরিচয় দিয়েছিলেন। অথচ, নিশান্তের স্কুটিতেই ওই যুবতীর ব্যাগ, জুতো সব ছিল। দ্বিতীয়বার বয়ান দেওয়ার সময় কথায় বদল আনেন যুবতী। তাতেই পরিবারের সন্দেহ আরও বাড়ে।
তাদের অভিযোগ, প্রথমে এফআইআর দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি। তিন ঘণ্টা পর এফআইআর নিয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, হেস্টিংসের যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে ১৯টা ক্যামেরা রয়েছে। অথচ সেই ১৯টা ক্যামেরাই খারাপ।