
শেষ আপডেট: 18 November 2023 16:53
দ্য ওয়াল ব্যুরো: বাকি নেই আর ২৪ ঘণ্টাও। রুদ্ধশ্বাসে কাটছে প্রতিটি মুহূর্ত। রবিবার গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০ বছর পর আবার একই দৃশ্যের সাক্ষী হতে চলেছে ক্রিকেটবিশ্ব। তবে কী এবার বদলা নেওয়া যাবে? সেই আশায় মুখিয়ে রয়েছে গোটা দেশ।
চায়ের দোকান থেকে বাস-ট্রাম, দেশের সব জায়গায় এখন একটাই আলোচনা, তেইশের বদলা চাই। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া। তবে এ বার রোহিত-বিরাটদের হাতেই উঠুক বিশ্বকাপ আশায় বুক বাঁধছে গোটা দেশ। বিশ্বকাপের নির্যাস সর্বোতভাবে নেওয়ার জন্য প্রস্তুত এ দেশের আট থেকে আশি সকলেই। তাই তো ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম নাকি প্রায় ২ লক্ষ টাকা ছুঁয়ে ফেলেছে! তবে মাঠে যাওয়ার সুযোগ না হলেও শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিশ্বকাপ দেখার এলাহি আয়োজনের সুবিধা পাবেন। যেখানে খানাপিনার সঙ্গেই থাকবে খেলা দেখার বিলাসবহুল ব্যবস্থা।
কলকাতাবাসী বরাবরই খেলাপ্রেমী। আর বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য! শনিবার থেকেই শহরের বিভিন্ন মল বিশ্বকাপের আবহে সেজে উঠেছে। রবিবার জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। যেমন সাউথ সিটি মল তিরঙ্গা পতাকায় সাজানো হয়েছে। বিশ্বকাপের মেজাজে রবিবার পাঞ্জাবি ঘরানায় মলের মধ্যে বাজবে ঢোল। থাকবেন ট্যাটু শিল্পীরাও। ক্রিকেটপ্রেমীরা যেন স্টেডিয়ামের পরিবেশই পেয়ে যাবেন দক্ষিণ কলকাতার এই মলে।
আয়েশ করে বন্ধু-বান্ধবের সঙ্গে ভারতের ফাইনাল দেখার প্ল্যান ছকে ফেলেছেন প্রায় সবাই। সঙ্গে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন থাকলে তো সোনায় সোহাগা! তাই সেই আশাও মিটবে কলকাতায় বিভিন্ন রেস্তোরাঁ, পাব-এ। যার মধ্যে রয়েছে ফাইভ ম্যাড ম্যান, সোশ্যাল, ক্যানটিন প্যাব অ্যান্ড গ্রাব, প্ল্যান বি, মাঙ্কি বার, ডাবল ডাউন ব্রুপাব অ্যানড ক্যাফে সহ আরও অনেক রেস্তোরাঁ। যেখানে দেদার খানা-পিনার সঙ্গে বিশাল স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পাবেন সকলে।
আজকাল শহরের আনাচে কানাচে এমনিতেই সপ্তাহান্তে রিসর্ট কিংবা হোটে খালি পাওয়া দুষ্কর হয়ে যায়। আর আগামীকাল যে আর পাঁচটা রবিবারের মতো নয়। তাই তো প্রিয়জনদের সঙ্গে বেশ পার্টি মুডে খেলা উপভোগ করতে ইতিমধ্যে বেশিরভাগ হোটেল, রিসর্ট বুক হয়ে গিয়েছে। তা সে বেদিক ভিলেজই হোক আর ব্রেথিং আর্থ কিংবা আইটিসি ফরচুনা। রবিবার সবই ১০০% বুকড।
এখন শুধু অপেক্ষা। ভারত না অস্ট্রেলিয়া-কার হাতে উঠবে বিশ্বকাপ, তা দেখার জন্য মরিয়া ক্রিকেটবিশ্ব। তাই রবিবার দেশ জুড়ে যেন অঘোষিত ছুটি। রবি-দুপুর জমবে ভারত অস্ট্রেলিয়া ফাইনালে।