
রাজভবনে ফোঁটা নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 3 November 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: এখনও সুবিচার মেলেনি অভয়ার। তার মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এই আবহে রবিবার ভাইফোঁটার পবিত্র তিথিতে ফোঁটা নিয়ে বাংলার ‘বোন’দের রক্ষার অঙ্গীকার রাজ্যের প্রশাসনিক প্রধান সিভি আনন্দ বোসের।
এদিন সকালে তৃতীয় লিঙ্গের মানুষ ছাড়াও অ্যাসিড আক্রান্ত, যৌন কর্মীরাও রাজভবনে রাজ্যপালকে ফোঁটা দিলেন। আয়োজন করা হয় একটি ছোট্ট অনুষ্ঠানের। নাচ, গান, কবিতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান বিশেষ মাত্রা পায়। রীতি মেনে রাজ্যপালকে বরণের পাশাপাশি বড় দাদা হিসাবে আশীর্বাদও নিতে দেখা যায় বোনেদের। সিভি আনন্দ বোসও সবাইয়ের হাতে উপহার তুলে দেন।
রাজ্যপাল বলেন, রাজভবনের দরজা সবার জন্য সবসময় খোলা। তৃতীয় লিঙ্গ, সমকামী ও অ্যাসিড আক্রান্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি মনে করিয়ে দেন, তাঁদের সমান অধিকারের লড়াইয়ে তিনি সবকিছু করবেন।
এরপরই সিভি আনন্দ বোসের অভিযোগ, ‘আমরা এই রাজ্যে একেবারেই ভাল নেই। আমাদের অধিকার রক্ষার্থে রাজ্য সরকার উদাসীন। যেখানে মহিলাদের কোনও সম্মান নেই। সেখানে আমাদের অবস্থা খুবই খারাপ।'
রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দেন, রাজ্যে মহিলাদের অধিকার রক্ষার্থে রাজ্য, রাজভবন সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।
শনিবারই বারাসতের রথতলায় গণ ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যপাল। তিনি জানান, নারীদের আত্মরক্ষার্থে অভয়া প্লাস কর্মসূচি চালু করছেন। আনন্দ বোস বলেন, আমার মনে আছে, গত বছর যখন সন্দেশখালি গিয়েছিলাম তখন বোনেরা বলেছিলেন, মহিলারা বাংলায় সুরক্ষিত নয়। আর জি করের ঘটনার পর এখন আমিও অনুভব করছি, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়। তাই এমন পরিস্থিতিতে রাজ্যের মহিলাদের আত্মরক্ষার্থে অভয়া প্লাস কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। গ্রামাঞ্চলেও এই কর্মসূচিটি সম্প্রসারিত হবে। নারীদের আত্মরক্ষার জন্য কেরলের ঐতিহ্যবাহী যুদ্ধকলা কলারিপায়াট্টু এ রাজ্যে আনা হবে। আপনা ভারত, জাগতা বেঙ্গল’ প্রকল্পের অধীনে মেয়েদের জন্য শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রশিক্ষণ।
রাজ্যপাল নারী সুরক্ষার পক্ষে সওয়াল করলেও তাঁর নামে ওঠা অভিযোগ মনে করিয়ে দিতে ভোলেনি তৃণমূল কংগ্রেস। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পাল্টা জানান, ‘রাজভবনের ভিতরেই মহিলারা সুরক্ষিত নন। তাই মহিলা সুরক্ষায় রাজ্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজের বাসভবন সুরক্ষিত করুন।’