
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 October 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলের শিক্ষকরা রাজ্যের হেলথ স্কিমের আওতায় আছেন, অথচ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা সেই স্কিমের আওতায় নেই। কেন নেই? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন একটি শিক্ষক সংগঠন।
হেলথ স্কিম থেকে বঞ্চিত শিক্ষকদের কথায়, সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা মাসে ৫০০ টাকা চিকিৎসার জন্য ভাতা পান। ওই ৫০০ টাকা কোনও শিক্ষক না নিলে, তিনি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন।
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলছেন, ‘যাঁরা সরকারি স্কুলের শিক্ষক, ওই ৫০০ টাকার মেডিক্যাল অ্যালাওয়েন্স ছেড়ে দিলে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি হেলথ স্কিমের সুবিধা ভোগ কোরতে পারেন। অথচ একই নিয়মে ৫০০ টাকা না নিলে শুধু সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী পাবেন সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা।' 'এই বৈষম্য কেন?'- প্রশ্ন তুলে সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষকদেরও হেলথ স্কিমের আওতায় আনতে তাঁরা অর্থ দফতর ও শিক্ষা দফতরকে অনেক বার চিঠি দিয়েছেন। কিন্তু তাঁদের অভিযোগ এখনও কোনও সুরাহা হয়নি।
রাজ্যে এখন বেশির ভাগই সরকার পোষিত স্কুল। ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ব্যাপক পরিমাণে শিক্ষক সরকারি হেলথ স্কিম থেকে বঞ্চিত হচ্ছেন। এমনটাই মনে করেন শিক্ষক সংগঠন এআইএফই-এর সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার।
শিক্ষা দফতরের অন্দরে এ ব্যাপারে কান পাতলে শোনা যাচ্ছে, শিক্ষক সংগঠনগুলির চিঠি তারা পেয়েছে। তবে তারা ও খোলসা করছে, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষকরা সরকারি স্কুলের শিক্ষকদের মতো পুরো সরকারি কর্মী নন। তাঁদের নিয়োগ পদ্ধতি একেবারে আলাদা। সরকারি কর্মীদের মতো তাঁরা পেনশনের মতো আরও অনেক সুবিধা পেলেও এখনও অবধি সরকারি হেলথ স্কিমের আওতাভুক্ত করার ব্যাপারে কোনও কথা ভাবা হয়নি।