অনুষ্ঠানের ছবি
শেষ আপডেট: 29 December 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: "শিল্পীদের থেকে আমি বেশি সঙ্গ করেছি কবিদের কারণ কবিরা কার ছবি কত টাকায় বিক্রি হল তা নিয়ে কথা বলেন না"। শনিবার কলকাতার সরলা রায় মেমোরিয়াল হলে গদ্যপদ্যপ্রবন্ধ কবিতা উৎসবের "কবিতার ছবি, ছবির কবিতা" শীর্ষক এক আলোচনায় কথাগুলো বলছিলেন শিল্পী হিরণ মিত্র। অন্যদিকে সন্মাত্রানন্দ বলছিলেন, কীভাবে কখন ছবি জন্ম দেয় কবিতার আর কবিতা জন্ম দেয় ছবির।
শুক্রবার উদ্বোধন হয় তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের। সপ্তর্ষি প্রকাশনের আয়োজনে গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকাটি সারা বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কবিতা পাঠের অনুষ্ঠান করে থাকে।
এ বছর শিলিগুড়ি থেকে পুরুলিয়া পর্যন্ত ১২টি অনুষ্ঠানের আয়োজন করেছিল এই পত্রিকা। বহুভাষিক জাতীয় কবিতা উৎসব ছিল এই অনুষ্ঠানগুলির সমাপ্তি অনুষ্ঠান। উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ইংরেজি ভাষার কবি ও হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নন্দিনী সাহু। প্রতিবছরই এই উৎসবে বাংলা ছাড়াও অন্য ভাষার একজন কবিকে সম্মান জানানো হয়।
এ বছর গদ্যপদ্যপ্রবন্ধ ২০২৪ সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট ওড়িয়া কবি কেদার মিশ্রের হাতে। ২৭ ডিসেম্বর ছিল কবির একক কবিতাপাঠ। অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে অসমিয়া কবি সৌরভ শইকিয়ার অসমিয়া কবিতার বাংলা অনুবাদের গ্রন্থ "এক নিঃসঙ্গ হাসপাতাল"। ভাষান্তর করেছেন বাসুদেব দাস। গ্রন্থটি প্রকাশ করেন রণজিৎ দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি কালীকৃষ্ণ গুহ। এই উৎসবে কবিতা পড়েছেন উর্দু ভাষার কবি নসিম আজিজী, হিন্দি ভাষার কবি বিমলেশ ত্রিপাঠী, ইংরেজি ভাষার কবি সম্পূর্ণা চ্যাটার্জি-সহ বাংলা ভাষার বিশিষ্ট কবিরা।
গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকার সম্পাদক অংশুমান কর জানান, আজ রবিবারও এই কবিতা উৎসব চলবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভাষার কবিরা উৎসবে কবিতা পাঠ করবেন। থাকবে 'কবিতা কাজের জিনিস নয়, ভাবের জিনিস' শীর্ষক বিতর্কও। অংশ নেবেন সেলিম মল্লিক, সৌভিক গুহ সরকার, কস্তুরী সেন, সব্যসাচী মজুমদার ও তুষার পণ্ডিত।