
আনন্দপুরে গ্রেফতার ৪ বাংলাদেশি (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 22 July 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: একদিকে সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গত দুই সপ্তাহ ধরে চলছে আন্দোলন। পড়শি দেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়েছে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। আনন্দপুর থেকে চার বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে আনন্দপুর থানা এলাকায় চার জনকে ঘোরাফেরা করতে দেখা যায়। গোপন সূত্রে খবর ওই এলাকায় তল্লাশি চালনো হয়। প্রথমে অভিযুক্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের থেকে কোনও বৈধ নথি মেলেনি। এমনকী জেরায় তাঁরা বেআইনিভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে নিয়েছেন বলেও পুলিশ সূত্রের খবর। এরপরই তাঁদের গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।
ধৃতদের নাম মিজান শেখ, রুবেল শেখ, সবুজ কুণ্ডু ও রাহুল শেখ। ২৭ থেকে ৩৮ বছর বয়সী চার যুবকই বাংলাদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় চারজন জানিয়েছেন যে নরেন্দ্রপুর থানা এলাকায় তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। রবিবার একটি চারচাকা গাড়ি থেকে চার অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আনন্দপুর থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
এর আগেও একাধিকবার আনন্দপুর থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশ-ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারে বারে বিজেপিকে সরব হতে দেখা যায়। গেরুয়া শিবিরের বহুদিনের অভিযোগ, সীমান্ত পার করে বাংলায় বহু বাংলাদেশির অনুপ্রবেশ হয়। পাল্টা সীমান্তের নিরাপত্তা রাজ্য প্রশাসানের এক্তিয়ারভুক্ত নয় বলেও তোপ দাগে তৃণমূল।