
ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 28 February 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার (Fake Voter) প্রসঙ্গে ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট করেছেন, ভোটার লিস্ট (Voter List) 'ক্লিন' করতে হবে। এই নির্দেশের পর শনিবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনি (Voter List Scrutiny) করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলে জানিয়েছেন। অন্যান্য সব কাউন্সিলর এবং জেলার নেতৃত্বও সেই কাজ শুরু করবে। তবে এই ইস্যুতে বিজেপি যে অভিযোগ তুলছে তা নস্যাৎ করেছেন কলকাতার মেয়র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই ভোটার তালিকার স্ক্রুটিনি শুরু হবে। বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে, সেই এলাকার অন্তত ২০-২৫ হাজার হিন্দু ভোটারদের নাম বাদ দিতেই এই কাজ শুরু করছে তৃণমূল। এদিন পুরসভায় সাংবাদিক বৈঠক থেকে ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ''ওরা (বিজেপি) মানুষে-মানুষে ভেদাভেদ করতে চায়, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। গুজরাতি, বিহারি, শিখ সবাই আমার ভোটার।'' গণতন্ত্রকে রক্ষা করতে চেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছেন বলে জানান মেয়র।
বিজেপিকে নিশানা করে ফিরহাদের মন্তব্য, ''গণতন্ত্র যাতে সত্যিকারের হয়, গণতন্ত্র নিয়ে যাতে সকলে বাঁচতে পারে, গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায়, সে কারণেই মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন। কোনও সম্প্রদায় বা ভাষা প্রসঙ্গে বলেননি। ওসব ভেদাভেদ বিজেপি করে।'' প্রসঙ্গত, বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে মেয়র ফিরহাদ হাকিম ও আট জন কাউন্সিলরকে ডেকে এ ব্যাপারে আরও একপ্রস্থ বৈঠক করেছিলেন।
অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে, কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ্ধতিতেই পদ্ম শিবির মহারাষ্ট্র, দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। এ ব্যাপারে নেতাজি ইনডোরের সভা থেকে রীতিমতো তথ্যপ্রমাণ তুলে ধরার পাশাপাশি, বইয়ে পড়া দাগানোর মতো করে দলের নেতা-কর্মীদের 'টাস্ক'ও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিও তৈরি করেছেন।