
শেষ আপডেট: 8 April 2024 20:40
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১২ জনের মৃত্যুর পর রীতিমতো অস্বস্তিতে কলকাতা পুরসভা। তাই কলকাতা শহরে বেআইনি নির্মাণ রুখতে একের পর এক পদক্ষেপ করার কথা বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠকে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের মেয়র বলেন, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাকে নষ্ট করছে, তাদের দিন শেষ।
এদিনের বৈঠকে বেআইনি নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। তিনি রেগে গিয়ে বলেন, “এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ।” বিল্ডিং বিভাগের আধিকারিকদের মেয়র নির্দেশ দেন, "নজর রাখুন কোথায় এলবিএসরা রেজিগনেশন দিচ্ছে। সেই বিল্ডিং-এর গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড।
কলকাতা পুরসভা এগিয়ে চলুক, আমি আছি—বৈঠকে বার্তা ফিরহাদ হাকিমের। তিনি বলেন, “একটা বাড়ি পড়ে গিয়ে মাথা নিচু হয়েছে, আর যেন এমন না হয়।”
মেয়র আগেই বলেছিলেন, বেআইনি নির্মাণের বিষয়ে পুরসভা কলকাতার খ্যাতনামা আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি প্রস্তাব পাঠালে তা পুরসভার আইন বিভাগে পাঠানো হবে। এরপরে সেই প্রস্তাব বিবেচনা করে তা পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেলে ওই প্রস্তাবকে আইন হিসেবে কার্যকর করবে পুরসভা।
এদিনের বৈঠকে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের জোর দিয়েই মেয়র বলেন, “কোনও চাপের কাছে নতি স্বীকার নয়। কোনও রাজনৈতিক নেতা, এমপি, কাউন্সিলর কারও চাপের কাছে মাথা নত করবেন না। কেএমসির নিয়ম অনুযায়ী কাজ করবেন।”