
নিমতলা ঘাট সংলগ্ন কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড।
শেষ আপডেট: 16 November 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার সকাল সাড়ে দশটা! এখনও ধিকি ধিকি করে জ্বলছে আগুন। পুড়ে ছাই ১১টি কাঠের গুদাম।
ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন রয়েছে। দমকল কর্মীরা জানাচ্ছেন, এখনও কিছু পকেট ফায়ার রয়েছে। পাশেই গঙ্গা থাকায় হাওয়ার গতিবেগে সমস্যা হচ্ছে। যে কারণে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আনা যায়নি।
শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিমতলা ঘাটের অদূরে কাঠের গুদামে। ঘটনায় ক্ষতিগ্রস্ত আশেপাশের ১৭টি বাড়ি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। তাঁরা দাঁড়িয়ে থেকে ক্ষতিগ্রস্তদের সরানোর ব্যবস্থা করেন।
পরে দমকল মন্ত্রী সুজিত বসু জানান, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। তিনি জানান, প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। পরে আরও ১৭টি ইঞ্জিন আনা হয়। শনিবার সকালেও কিছু পকেটে আগুন রয়েছে। সেগুলি দ্রুত নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সুজিত এবং রাজ্যের অপর মন্ত্রী শশী। ক্ষতিগ্রস্তদের আপাতত ওয়ার্ডের কমিউনিটি হলে রাখা হচ্ছে। শীঘ্রই ওদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
স্থানীয় সূত্রের দাবি, আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। যা থেকে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।