
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 December 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: আবারও খাস কলকাতায় বিধ্বংসী আগুন। যার জেরে প্রাণ গেল যুবকের। ঘটনা লেদার কমপ্লেক্স থানার শিরীষবাগান এলাকার।
জানা যাচ্ছে, বন্ধ ঘরে হঠাৎ আগুন লেগে মৃত্যু হয়েছে সুরজিৎ সর্দার নামে এক যুবকের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন।
স্থানীয়দের সূত্রে খবর, ওই বাড়িতে ভাড়া থাকতেন সুরজিৎ। দুপুরবেলা সেই ভাড়াবাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে এলাকার মানুষই তড়িঘড়ি দমকলে খবর দেন।
দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দমকলকর্মীরা দেখতে পান সুরজিতের পোড়া দেহ পড়ে আছে।
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সবটাই আপাতত খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন দমকলকর্মীরা। যখন আগুন লাগে, সেই সময় সুরজিৎ ঘুমিয়েছিলেন কিনা, সেটাও এখনও অবধি স্পষ্ট নয়।
মৃত কোনও ভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সেটাও জানার চেষ্টা চালাচ্ছেন লেদার কমপ্লেক্স থানার তদন্তকারীরা।
এযাবৎ কলকাতায় একাধিক আগুন লাগার খবর এসেছে। ফুলবাজার, স্ট্র্যান্ডরোডের পর দু'দিন আগে শুক্রবার সকালেও দক্ষিণদাঁড়ির একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়।