
কলকাতা মেডিক্যাল কলেজ
শেষ আপডেট: 24 November 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন। জানা যাচ্ছে, মেন বিল্ডিংয়ের দোতলায় কার্ডিওলজি বিভাগের কাছের একটি শৌচালয়ে আগুন লেগে যায়। তবে রোগীদের পরিবারের লোকজন, পুলিশের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। কোনও ক্ষয়-ক্ষতির খবর নেই বলেই খবর।
মেয়র ফিরহাদ হাকিমের কাছে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি দমকল কর্মীদের সঙ্গে কথা বলে জানান, 'আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে। হাসপাতালের ভেতরের শৌচালয়ে ধোঁয়া দেখা গিয়েছিল। দমকল ঠিক সময় এসে পৌঁছয়। সবটাই আয়ত্তের মধ্যেই রয়েছে।
অন্যদিকে কলকাতা মেডিক্যালের এমএসভিপি অঞ্জন অধিকারী জানান, 'হাসপাতালের দু'নম্বর গেট দিয়ে ঢুকলেই ডান হাতে যে পুরনো বাড়িটা পড়ে সেখানের দোতলায় ডানদিকে কার্ডিওলজি বিভাগ। তার সামনের শৌচালয় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লাগার ঘটনা ঘটে। আমরা আশা করছি কোনও রোগীর পরিজন সেখানে বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছিলেন। তার থেকেই ঘটনাটা ঘটেছে।'
তিনি বলেন, 'হাসপাতালের কর্মচারী, পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও রোগী বা রোগীর পরিজনদের কারও কিছু হয়নি। অনেকেই ওই জায়গায় বসে থাকেন। রোগীদের ক্যাথ ল্যাবে নিয়ে গেলে সেখানেই পরিজনরা অপেক্ষা করেন। ফলে আগে থেকেই আগুন দেখতে পাওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।'