
শেষ আপডেট: 28 February 2024 07:38
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে কলকাতায় অগ্নিকাণ্ড। এদিন ভোরবেলায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলী পার্কের কাছে একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয়েছে চালকের। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। সংশ্লিষ্ট এলাকায় বিপর্যস্ত যান চলাচল।
দমকল সূত্রের খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরই ট্যাঙ্কারটি থেকে তেল বেরোতে থাকে এবং আগুন লেগে যায়। দাউদাউ করে গাড়িটি জ্বলতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধীরে ধীরে রাস্তার ধারের একটি বাড়ি ও দোকানেও আগুন লেগে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাটি ঘনজনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খানিকক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও আটটি ইঞ্জিন এসে পৌঁছয়। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কর্মীরা।
এদিকে গাড়িটি জ্বলতে থাকার কারণে প্রাথমিকভাবে তেলের ট্যাঙ্কারের চালকের খোঁজ পাচ্ছিলেন না দমকল ও পুলিশ আধিকারিকরা। পরে জানা যায়, গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয়েছে চালকের। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
ট্যাঙ্কারটিতে চালক ছাড়াও আর কেউ ছিলেন কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে আশেপাশের বাড়িগুলির বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।