
শেষ আপডেট: 31 October 2023 22:33
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড। হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল অ্যাপ ক্যাব। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বাগুইআটির জোড়ামন্দিরের কাছে ভিআইপি রোডের উপরে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আচমকাই এই ঘটনায় ব্যস্ত রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বাগুইআটি থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই অ্যাপ ক্যাবটি। অগ্নিকাণ্ডের সময় ক্যাবের মধ্যে চালক ছাড়াও ছিলেন তিন জন যাত্রী। হঠাতই গাড়ি থেকে ধোঁয়া বেরতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে আসেন। আর নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক সহ যাত্রীরা।
এদিকে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ভিআইপি রোডে এই ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয়ে যায়। পথচলতি সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন আসে। যদিও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল।
ঠিক কী কারণে আগুন লাগে, সেই বিষয়টি স্পষ্ট জানা যায়নি। শর্ট সর্কিট থেকেই এই অঘটন ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে যেভাবে অ্যাপ ক্যাবটি দাউ দাউ করে জ্বলে উঠেছিল, তাতে ক্যাবে থাকা যাত্রী তো বটেই পথ চলতি মানুষেরাও বড়সড় বিপদের মুখে পড়তে পারত। যদিও চালকের তৎপরতাতেই, সঠিক সময়ে যাত্রীদের ক্যাব থেকে বের করে আনা সম্ভব হয়েছিল।