
শেষ আপডেট: 2 January 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: দেখতে একদমই ৫০০ টাকার নোটের মতো। ভাল করে খুঁটিয়ে না দেখলে বোঝার উপায়ই নেই। বান্ডিল বান্ডিল জাল নোট দেখে হতভম্ব হয়ে গিয়েছিল পুলিশ। খাস কলকাতা থেকে ২ লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার হয়েছে এক যুবক।
পুলিশ জানিয়েছে, বছর একুশের ওই যুবকের নাম আজিরুদ্দিন মোমিন। গোপন সূত্রে খবর পেয়ে আজিরুদ্দিনকে ধরার ফাঁদ পেতেছিল কলকাতা পুলিশ। কলকাতায় তপসিয়া থানা এলাকায় জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ চত্বর থেকে জাল নোট-সহ ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ। ৫০০ টাকার নোটের গাদা গাদা বান্ডিল উদ্ধার হয়েছে আজিরুদ্দিনের থেকে।
পুলিশ জানাচ্ছে, ধৃতের বাড়ির মালদহের কালিয়াচক থানা এলাকায়। সেখানে মোজামপুর গ্রামের বাসিন্দা আজিরুদ্দিন। তার কাছ থেকে চারটে বান্ডিল মিলিয়ে ৪০০টি জাল নোট পাওয়া গেছে। সব মিলিয়ে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। কোথা থেকে এই জাল নোট সে পেয়েছে, কার হয়ে কাজ করে আজিরুদ্দিন তা জানার চেষ্টা করছে পুলিশ।
কলকাতাতেও জাল নোটের চক্র ছড়িয়েছে বলে দাবি পুলিশের। তদন্তকারীরা বলছেন, এর আগেও মালদহ থেকে কলকাতায় জাল নোট পাচারের চেষ্টা রুখে দেওয়া গিয়েছিল। এবারও আগে থেকে খবর পেয়ে জাল নোট পাচারকারীকে গ্রেফতার করা গেছে। তবে এই চক্রের পাণ্ডারা এখনও অধরা। কারা কারা এই পাচারচক্রে জড়িত, কোথা থেকে টাকা আসছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে আজ মঙ্গলবার। তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।