
গার্ডেনরিচ দুর্ঘটনাস্থল - ফাইল চিত্র
শেষ আপডেট: 20 March 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার মধ্যরাতে কলকাতার গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। সেটি বেআইনি নির্মাণ ছিল বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই ক্ষতিপূরণ ঘোষণা নিয়েই বড় অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের জবাব তলব করা হল।
গার্ডেনরিচ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপিও। সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ জানিয়ে বলা হয়েছিল, গত শনিবার ভোটের দিন ঘোষণা হয়েছে। সেই প্রেক্ষিতে সোমবার কলকাতার মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম ওই ক্ষতিপূরণের ঘোষণা করে নির্বাচনী বিধি ভেঙেছেন।
বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের ওই ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাপে পড়ে গেছে রাজ্যের শাসক শিবির। কী ভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই বেআইনি নির্মাণ হচ্ছিল তা নিয়েই প্রশ্ন। এই ইস্যুতে প্রথমে সব দায় বাম আমলের ঘাড়ে চাপিয়েছিলেন ফিরহাদ হাকিম। পরে অবশ্য কিছুটা অন্য সুরে তিনি বলেন, বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি। তাঁরা আটকাতে পারেননি।
ফিরহাদ স্থানীয় কাউন্সিলরকে দোষ দিতেও রাজি হননি। তাঁর স্পষ্ট কথা, বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব। এদিকে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, গার্ডেনরিচ এলাকায় একটি বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু ওই এলাকায় এমন আরও প্রায় ৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। একাধিক বেআইনি নির্মাণের ইস্যুতে আদালতের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।