
শেষ আপডেট: 31 March 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে।
সূত্রের খবর, বিমান নামার আগেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। তাঁর ঘন ঘন বমি হতে থাকে। বিমান অবতরণের পরেই কোনওরকমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়।
আন্দামান থেকে ভিস্তারার ইউকে ৭৭৮ বিমানে চড়ে কলকাতায় আসছিলেন শর্মিষ্ঠা দেবী। সহযাত্রীরা জানিয়েছেন, বিমান অবতরণের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শর্মিষ্ঠাদেবী বিমানসেবিকাদের জানিয়েছিলেন তাঁর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। এরপরেই তাঁর বমি হতে শুরু করে। খবর যায় পাইলটের কাছে। মেডিক্যাল এমার্জেন্সিতে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। যোগাযোগ করা হয় এটিসির সঙ্গে।
জানা গেছে, বিমান অবতরণের পর পরই ডাক্তার এসে পরীক্ষা করেন বৃদ্ধাকে। আগে থেকেই খবর দেওয়া হয়েছিল অ্যাম্বুল্যান্সে। শর্মিষ্ঠাদেবীর শারীরিক অবস্থার তখন অবনতি হয়েছে। তিনি আর কথা বলতে পারছিলেন। শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।
কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। যোগাযোগ করা হচ্ছে বৃদ্ধার পরিবারের লোকজনের সঙ্গে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।