
ইডি
শেষ আপডেট: 17 December 2024 07:59
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতার একাধিক জায়গায় ইডি-র হানা। শহরের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান।
২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
অন্যদিকে, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, ঝারখণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।
প্রতারণার যা যা অভিযোগ এসেছিল, তার ভিত্তিতে শহরের একাধিক জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এত টাকা কোথায় গিয়েছে, আর কারা জড়িত, কীভাবে প্রতারণা করা হয়েছে সবটাই জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।