
শেষ আপডেট: 13 February 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: রেশন বন্টন দুর্নীতি ও স্টক এক্সচঞ্জ সংক্রান্ত দুর্নীতির তদন্তে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার ৬ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৮টি দলে ভাগ হয়ে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। শুরু হয়েছে সল্টলেক দিয়ে। সেখান থেকে বাগুইআটির এক ব্যবসায়ীর বাড়িতে ঢুঁ মারতেই নাটকীয় ঘটনা ঘটল। ইডি দরজায় কড়া নাড়তেই সাততলা থেকে দুটি মোবাইল ফোনই ছুড়ে ফেললেন ওই ব্যবসায়ী। পরে সেই ফোন দুটি উদ্ধার করেন তদন্তকারীরা।
বাগুইআটির ওই ব্যবসায়ীর নাম হানিস তসরিওয়াল। তাঁর সাততলা বিলাসবহুল বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযানে যায় ইডির টিম। ৮ সদস্যের তদন্তকারী দলকে দেখেই ভয়ে-আতঙ্কে নিজের দুটি মোবাইলই সাততলা থেকে নীচে ফেলে দেন ব্যবসায়ী। এই ঘটনা বড়ঞার জীবনকৃষ্ণর স্মৃতি উস্কে দিয়েছে। মুর্শিদাবাদের বড়ঞার সেই তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই যাওয়ার পর তথ্যপ্রমাণ লোপাটে এঁদো পুকুরে মোবাইল ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন তিনি। কাদা-পাঁকে ভরা পুকুরে মোবাইল খুঁজতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল তদন্তকারীদের। ঠিক খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূঁচ খোঁজার মতো অবস্থা হয়েছিল। বাগুইআটির হানিস অবশ্য সামনে এঁদো পুকুর বা ডোবা না পেয়ে নীচেই ছুড়ে দেন তাঁর দুটি মোবাইল। সেই দুটি মোবাইল গিয়ে পড়ে পাশের বাড়ির ছাদে। সেখান থেকে ফোন দুটি উদ্ধার করে আনেন তদন্তকারীরা।
সূত্রের খবর, একটি মোবাইলের ব্যাক কভারে ৫০০ টাকা ছিল। দুটি ফোনই বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীদের ধারণা, ওই দুটি মোবাইলে আর্থিক দুর্নীতি নিয়ে এমন কিছু তথ্যপ্রমাণ আছে যা লুকনোর চেষ্টা করছিল ব্যবসায়ী। মোবাইল দুটি থেকে রেশন বন্টন দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন ইডির আধিকারিকরা।
সাত সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি। একজন অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট ৫ জনের একটি টিম এদিন সকালে এই বহুতলে এসে ঢোকে। তারপর একে একে পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় ইডির অফিসাররা পৌঁছেছেন বলে খবর। নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি চলছে। স্টক এক্সচেঞ্জ কারবারের সঙ্গে তিনি যুক্ত। ইডি সূত্রের খবর, রেশন মামলার তদন্তে যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল, সেই টাকা কোথায় এবং কী ভাবে বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে।