
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 June 2024 10:15
দ্য ওয়াল ব্যুরো: গত তিন দিন ধরে রাজ্যে শিক্ষা দফতরের প্রধান কার্যালয় বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এবার তৎপর হয়ে উঠল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির একাধিক এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, একটি আর্থিক প্রতারণা মামলার সূত্রেই এই তল্লাশি।
জানা যাচ্ছে, শনিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির অন্তত আটটি জায়গায় অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দল। সূত্রের খবর, যে আর্থিক প্রতারণার তদন্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাতে বিদেশি যোগের খবরও পেয়েছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত বুধবার থেকে বিকাশ ভবনে তল্লাশি অভিযানে নেমেছিল সিবিআই। শুক্রবার দুপুর পর্যন্ত টানা তিনদিন তল্লাশি চালানোর পর শিক্ষা দফতরের গুদাম থেকে এক বস্তা নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের দাবি, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিকে দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে।