
শেষ আপডেট: 29 December 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো: গেমিং অ্যাপ কাণ্ডে দুজনকে গ্রেফতার করল ইডি। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকাও। নিউটাউনের একটি আবাসন থেকে এই টাকা উদ্ধার করেছে ইডি।
বৃহস্পতিবার কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দেয় ইডি। সেখান থেকে ১ কোটি ৮৫ লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছিল। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ইডির জালে ধরা পড়েছে দু'জন। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম সন্তোষ যাদব ও সাগর যাদব। টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার হয়।
ধৃতদের মধ্যে গেমিং অ্যাপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর যাদব এবং তাঁর বন্ধু সন্তোষ। তাঁরা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও থাকতেন কলকাতায়। তাঁদের কাছে থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, বুধবার গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগে তদন্তে নেমে কেষ্টপুরে হানা দেয় ইডি।
গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শহরের একাধিক এলাকায় হানা দেয় ইডি। কেষ্টপুরে যে বাড়িতে হানা দিয়েছিল, সেই বাড়ির মালিকের নাম রবিন। তিনি কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছে।
বৃহস্পতিবার কলকাতার অন্তত ৯টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। আলিপুরের একটি আবাসনে, মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বেঙ্গল কেমিক্যালসের কাছে একটি আবাসনের ফ্ল্যাটে ইডি আধিকারিকদের তল্লাশি করতে দেখা যায়।