
শেষ আপডেট: 18 October 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরুর অনেকদিন আগেই এবারের 'কার্নিভাল'-এর তারিখ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ২৭ অক্টোবর জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন হবে। শহর ও শহরতলির বড় বড় পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে। নাচ-গান মিলিয়ে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন রেড রোডে।
দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা থাকে। অনুষ্ঠানের জন্য কলকাতার ট্রাফিকও প্রতিবার নিয়ন্ত্রণ করা হয়। একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গাড়ির পথ ঘুরিয়ে দেওয়াও হয়। রাস্তায় বেরিয়ে অনেকেই বিপদে পড়েন।
এবার তাই পুজোর শুরুর আগেই 'কার্নিভাল'-এর দিন কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কোন কোন রুট দিয়ে গাড়ি চলাচল করবে--- তা বিস্তারিত জানাল কলকাতা পুলিশ।
কার্নিভালের দিন বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
দুপুর দু'টোর পর থেকে হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। অনুষ্ঠান চলাকালীন এজেসি বোস রোডের ওপর কোনও গাড়ি চলবে না। শুধুমাত্র জরুরি পরিষেবাযুক্ত গাড়িকে প্রয়োজন অনুসারে ছাড়া হবে।
রেড রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, প্ল্যাসে গেট রোড ও এসপ্ল্যানেড র্যাম্প রোড পুরোপুরি বন্ধ থাকবে অনুষ্ঠান চলাকালীন।
অনুষ্ঠান দেখেতে আসতে হলে কোন রাস্তা ধরবেন?
খিদিরপুর রোডে না গিয়ে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মেয়ো রোড ধরে হেঁটে দর্শকরা রেড রোডের অনুষ্ঠানে পৌঁছতে পারবেন। দর্শকরা ট্রাম, মেট্রো, বাসে করে ধর্মতলা বা পার্কস্ট্রিট আসতে পারবেন। তারপর পায়ে হেঁটে যেতে হবে অনুষ্ঠানস্থলে।
কলকাতা পুলিশ জানিয়েছে, চৌরঙ্গি রোড, জহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, কুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড, হেয়ার স্ট্রিট, আর এন মুখার্জি রোড সহ আরও কয়েকটি রাস্তায় গাড়ি পার্কিং কার্নিভালের দিন বেলা বারোটা থেকে বন্ধ থাকবে।