
আরজি কর হাসপাতাল
শেষ আপডেট: 10 December 2024 09:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ঘটনা যাতে কেউ ভুলে না যায়, তা নিশ্চিত করতে চাইছে 'ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম'। যে কারণে নির্যাতিতার বিচারের দাবিকে সামনে রেখে তাঁর স্মৃতিরক্ষার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিজেদের সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে স্কলারশিপ প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। যার নাম রাখা হয়েছে 'অভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপ।' মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের যাতে লেখাপড়া বন্ধ না হয়ে যায়, সে জন্যই এহেন উদ্যোগ।
সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে সংগঠনের সদস্যরা জানিয়েছেন, প্রতি বছর দশজন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি দেওয়া হবে। যার মধ্যে থাকবে পাঁচ জন এমবিবিএস পড়ুয়া এবং পাঁচ জন অন্য ক্ষেত্রের পড়ুয়া।
তাঁরা খোলসা করে জানান, মেধা এবং আর্থ-সামাজিক পরিস্থিতি দেখেই এই স্কলারশিপ দেওয়া হবে। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, যেখানে সংগঠনের সদস্যদের পাশাপাশি সমাজের অন্যান্য ক্ষেত্রের মানুষকে রাখা হবে।
এদিনের বৈঠকে আরও কয়েকটি দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠনটি। বক্তব্য এই যে, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার-সহ স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অনেক পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। সে সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ জরুরি বলে জানিয়েছে তারা।