কবি সুভাষ মেট্রো স্টেশন পুরোপুরি চালু হয়ে গেলে, বিমানবন্দর থেকে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 December 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস ধরে সংস্কারের কাজের জন্য বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের (Kolkata Metro Blue Line) অন্তিম স্টেশন কবি সুভাষ। ফলে দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন (Jai Hind Station) পর্যন্ত সরাসরি মেট্রো যাত্রা সম্ভব হচ্ছিল না। পুজোর আগেই এই রুটে পরিষেবা চালু হলেও কবি সুভাষ (Kavi Subhash Metro Station) বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি থেকেই গিয়েছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু হচ্ছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই সুখবর জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে। এর ফলে উত্তর কলকাতা ও বিমানবন্দর এলাকার সঙ্গে দক্ষিণ কলকাতার (South Kolkata) যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা নিয়মিত বিমানবন্দর যাতায়াত করেন বা অফিসযাত্রী, তাঁদের জন্য এই পরিষেবা বেশ স্বস্তির হতে চলেছে।
তবে আপাতত এই মেট্রো পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। দিনে অন্তত দুটি মেট্রো সরাসরি জয়হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। পরীক্ষামূলক পর্ব সফল হলে ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কবি সুভাষ মেট্রো স্টেশন পুরোপুরি চালু হয়ে গেলে, বিমানবন্দর থেকে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে।
এতদিন ইয়েলো লাইনে জয়হিন্দ (বিমানবন্দর) থেকে নোয়াপাড়া পর্যন্তই মেট্রো চলাচল করত। যাত্রীদের নোয়াপাড়ায় নেমে আবার ব্লু লাইনের মেট্রো ধরতে হতো। ফলে সময় যেমন বেশি লাগত, তেমনই ভিড়ের সমস্যাও তৈরি হত। নতুন এই ব্যবস্থায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে একটি বিষয় এখনও স্পষ্ট নয়। শহিদ ক্ষুদিরাম থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশে কোনও মেট্রো পরিষেবা এখনই চালু করা হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। ফলে আপাতত একমুখী এই পরিষেবার দিকেই নজর যাত্রীদের।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজ শেষ হলে, কলকাতা মেট্রোর ব্লু এবং ইয়েলো লাইনের সংযোগ আরও মজবুত হবে। তখন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে বলেই আশা করা হচ্ছে।