.jpeg)
বিধানসভায় উচ্ছ্বাস কর্মীদের
শেষ আপডেট: 12 February 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ (DA)বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কার্যকর হবে চলতি বছরের ১ এপ্রিল থেকে। এই ঘোষণার পরই আনন্দে ফেটে পড়েন বিধানসভার কর্মীরা। কক্ষের বাইরে সবুজ আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বেরনোর সময়ও। শোনা যায়, জয় বাংলায় স্লোগান।
গত বছর বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত ২৫ ডিসেম্বর সেই ধরনের কোনও ঘোষণা করা হয়নি। তাই বছর শুরুতে বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা যে প্রবল, তা অনুমান করা হয়েছিল।
এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ।
মুখ্যমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানালেন বিধানসভার কর্মীরা। বললেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন।' উঠল জয় বাংলা ও মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ-র ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে অসন্তোষ রয়েছে বহু দিন ধরে। ডিএ নিয়ে আন্দোলন কম হয়নি। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করে দিয়েছে। যার সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। কর্মচারী মহলে প্রশ্ন উঠতে শুরু করে এরাজ্যে সপ্তম পে কমিশনের (West Bengal 7th Pay Commission) গঠন কবে হবে? উত্তর আসার আগেই বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মচারীদের সেই ক্ষতে অনেকখানি প্রলেপের কাজ করবে বলেই মনে করা হচ্ছে।