
রেমালের দাপটে ভাসল কলকাতা
শেষ আপডেট: 27 May 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাবে সপ্তাহের প্রথম দিনে সম্পূর্ণ বিপর্যস্ত কলকাতা। ক্যামাকস্ট্রিট, বালিগঞ্জ, পার্ক সার্কাস সহ জলমগ্ন শহরের একাধিক এলাকা।নানা জায়গায় রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মধ্যরাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছে, তা সোমবারও শেষ হচ্ছে না। আজ বেলা সাড়ে ১১টা পর থেকে ঘূর্ণিঝড় বদলে যাবে গভীর নিম্নচাপে। তবে গোটা রাজ্যে ঘূর্ণিঝড় এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে। সোমবার সকাল থেকেও কলকাতায় বৃষ্টি হয়েই চলেছে। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় অবরুদ্ধ বিভিন্ন রাস্তা। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা গাছ সরানোর কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে ভেঙে পড়া গাছ সরাতে বেগ পেতে হচ্ছে।
রেললাইনে জল জমে সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে, সোমবার ফের মেট্রো বিভ্রাট হয়। আপাতত গিরিশ পার্কের পর থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ট্রেন এবং মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার যাত্রীরা। যদিও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।
মেট্রো সূত্রের খবর, পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। তার ফলে বন্ধ অংশিক মেট্রো পরিষেবা। কখন সবকিছু স্বাভাবিক হবে সেবিষয়ে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি। এর আগে রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মেট্রো পরিষেবা আংশিক বন্ধ হয়ে যায়। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় ঘণ্টাদুয়েক বন্ধ ছিল। সাড়ে সাতটার পর পরিষেবা স্বাভাবিক হয়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রেমালের প্রভাবে সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি না কমলে দুর্যোগ সামাল দিতে সমস্যা তৈরি হচ্ছে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় ছোট বড় মিলিয়ে মোট ৫৮টি গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে গাছ সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ চলছে। একে তো ভরা কোটালের দাপট আবার তার উপর অঝোর বৃষ্টি, সবমিলিয়ে জলযন্ত্রণা দূর হতে কিছুটা সময় লাগবে বলেই মনে করছে পুর কর্তৃপক্ষ।