
এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের সামনের ছবি
শেষ আপডেট: 25 October 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: দানার প্রভাবে টানা বৃষ্টিতে জল থইথই করছে রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ। মেইন ব্লক, কার্ডিওলজি, প্রসূতি বিভাগের সামনেই বেশি পরিমাণ জল জমেছে। যে কারণে ঢোকা-বেরোনোয় সমস্যা হচ্ছে রোগী-পরিজনদের। হয়রানির শিকার চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষও।
জল দ্রুত বের করে পরিস্থিতি স্বাভাবিক করতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পাম্প বসানো হয়েছে। কিন্তু, যে পরিমাণ জল জমেছে তাতে পাম্প চালিয়েও দ্রুত সুরাহার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সমস্যায় পড়েছেন চিকিৎসকরাও। জল ঢুকে যাওয়ায় কাজ করছে না লিফটও।
একই ছবি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। আউটডোর থেকে শুরু করে এক তলার মধ্যে থাকা বিভাগগুলিতেও জল জমেছে। জল ঠেঙিয়েই রোগী দেখছেন ডাক্তাররা।
অন্যদিকে, শহর এবং শহরতলির একাধিক জায়গা জলমগ্ন, বহু জায়গায় ভেঙেছে গাছ। হাওয়া অফিসের আপডেট বলছে, সবথেকে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে, ১৪১ মিলিমিটার।
বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ও শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায় জল জমেছে। এ ছাড়া মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটে জল জমেছে।
উত্তর বন্দর থানার কাছে স্ট্র্যান্ড রোডের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে সায়েন্স সিটির কাছেও। বেলঘরিয়া রোড, বর্ধমান রোড এবং আলিপুরের কিছু কিছু রাস্তায় জল জমেছে। হলদিরামের কাছে ভিআইপি রোডের উপরও জল জমতে শুরু করেছে। ধীর গতিতে চলছে যানবাহন।
দ্রুত জমা জল সরাতে তৎপর কলকাতা পুরসভা। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নিয়েই পাম্প চালিয়ে জল সরানো হচ্ছে। খুব বেশি মানুষ যে রাস্তায় বেরিয়েছেন তা নয়। ফলে ভোগান্তি তুলনামূলক কম রয়েছে।