
বামেদের লালবাজার অভিযান
শেষ আপডেট: 9 September 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবার লালবাজার অভিযান করল বামেরা। সোমবার আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল জবাব শেষ হতে না হতেই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিমুখে অভিযান করে বামেরা।
দুপুর সাড়ে ৩ টে নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল এগোয়। লালবাজারের অনেক আগেই বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। যদিও পুলিশ বাধা দিতেই ক্ষেপে ওঠেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। শেষমেশ লালবাজারের দিকে যেতে না পেরে বেন্টিঙ্ক স্ট্রিটে পুলিশি ব্যারিকেডের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা পাশাপাশি আরজি করে তথ্য লোপাটের অভিযোগেও সরব হয় বামেরা। বামেদের কর্মসূচির জেরে সপ্তাহের প্রথম দিনে মধ্য কলকাতায় ব্যপক যানজট সৃষ্টি হয়। রাস্তায় বেরিয়ে নাকাল হন মানুষ।
পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিতে রবিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার বৈঠক ডাকার কথা বলেছিলেন রাজ্যপাল। জনগণের দাবিদাওয়া নিয়েও বৈঠক করার কথা বলেন। তারপরেই এদিন ফের কলকাতার রাস্তা স্তব্ধ হল বামেদের আন্দোলনে।