
মানোজ ভার্মা
শেষ আপডেট: 22 December 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনার খবর সামনে আসে (Maa Flyover Accident)। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক-সহ নীচে পড়ে যায় দু'জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ মনে করছে বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। কিন্তু বারবার এহেন দুর্ঘটনা ঘতেই চলেছে। লাগাম টানা যাচ্ছে না। যা চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশমহলে।
মা ফ্লাইভারে এই প্রথম দুর্ঘটনা নয়। ফ্লাইওভারটি শুরুর প্রথম থেকেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। গতি নিয়ে সচেতন করা হলেও কোনও ফল মেলেনি। রাতের দিকে এবং ভোরের দিকে বেপরোয়া গতিতে বাইক-গাড়ি এই ফ্লাইওভারে চলে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।
এদিন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। খতিয়ে দেখেন ভিডিও ফুটেজও। জানান, 'টেকনিক্যাল অনেক ইস্যু আছে এই ব্যাপারে। যদি কোনও গাড়ি টার্নিংয়ে দ্রুত গতিতে আসে তাহলে এরকম দুর্ঘটনা ঘটে। বিষয়টা কীভাবে আটকানো যায় সে ব্যাপারে আমাদের টিমের সঙ্গে কথা বলে, পরিবহন দফতরের সঙ্গে বসে একটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভিডিও ফুটেজ দেখে এটুকু বুঝতে পারছি এই ধরনের দুর্ঘটনা আটকানো সম্ভব। সে ব্যাপারে বৈঠক করে একটা সিদ্ধান্তে আসা যাবে।'
সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল বাইকটি। চালকের মাথায় হেলমেট থাকলেও বাইক আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না। পরমা আইল্যান্ডের কাছে বাইকটি মা ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা মারে। বাইক-সহ দু'জনই ছিটকে পড়েন নীচে।
প্রগতি ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু'জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ পরিচয় জেনে পরিবারে খবর দেয়।