
বুদ্ধদেব ভট্টাচার্য
শেষ আপডেট: 8 August 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তবে এই গান স্যালুট দেওয়ার ব্যাপারে আদৌ বুদ্ধবাবুর পরিবার সম্মতি জানাবে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে। একই রকমভাবে, বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নন্দনে বা রবীন্দ্র সদনে রাখা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বুদ্ধবাবুর দল এবং তাঁর পরিবার যেমনভাবে চাইবে তেমনভাবেই তাঁকে সম্মান জানানো হবে। রাজ্য পুলিশ সবরকম সহযোগিতা করবে। চাইলে তাঁর মরদেহ নন্দনেও রাখা যেতে পারে, বিধানসভাতেও আনা যেতে পারে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার এবং সিপিএম সূত্রে খবর, নন্দন বা রবীন্দ্র সদনে তাঁর মরদেহ রাখা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বিধানসভায় তাঁকে নিয়ে যাওয়া হবে। কারণ দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন তিনি। পাশাপাশি, রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে গান স্যালুট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আদতে তাতে সম্মতি জানানো হবে কিনা, সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী দুপুরে ঝাড়গ্রাম সফরে যাবেন। তাই রাজ্যের পক্ষ থেকে এই সময়ে তিনি দায়িত্ব দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে। গান স্যালুটের বিষয়ে ফিরহাদ জানিয়েছেন, বুদ্ধবাবুর পরিবার যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তাঁরা যেভাবে বলবেন, সেইভাবেই সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকাল ১০:৩০ থেকে ৩১, আলিমুদ্দিন স্ট্রিট, সিপিআই(এম) রাজ্য দফতর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোকমিছিল করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর মরণোত্তর দেহদান করা হবে।