
আহত যুবক
শেষ আপডেট: 15 January 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক হাসপাতাল ঘুরেও মিলল না মেড! দুর্ঘটনার প্রায় ১২ ঘণ্টা হতে চললেও ঠিকভাবে চিকিৎসাই শুরু হয়নি যুবকের। খাস কলকাতায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতের পরিবারের অভিযোগ, এসএসকেএম হাসপাতালে গিয়েও তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে।
মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন অবিনাশ মাঝি নামের এক যুবক। তাঁর পরিবারের দাবি, পাঁচটি হাসপাতাল ঘুরে ছয় নম্বর হাসপাতালে গিয়েও তাঁরা বেড পাননি অবিনাশের জন্য। শুধু তাই নয়, এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পরিবারের। হাসপাতালের ট্রমা কেয়ারে অবিনাশের চিকিৎসা চললেও সেখানে বেড মেলেনি বলে দাবি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পথ দুর্ঘটনার শিকার হন অবিনাশ। তাঁর বাইকে পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। তারপর থেকেই বিভিন্ন হাসপাতাল ঘুরেও একটা বেড পাননি অবিনাশ। এমনই অভিযোগ। পরিবারের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলে ঠিকমতো চিকিৎসাই শুরু হয়নি রোগীর। অবিনাশের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে।
অবিনাশ পেশায় একজন খাবার ডেলিভারি বয়। তাঁর আর্থিক সমস্যা রয়েছে। এই অবস্থায় তাঁর চিকিৎসার খরচ কীভাবে সামলানো যাবে, তা নিয়েই ভাবছে পরিবার। চিকিৎসকদের অনুমান, বেশি দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত পা হারাতে পারেন ওই যুবক।
বর্তমানে অবিনাশকে এসএসকেএম হাসপাতালে একটি ট্রলির উপর রেখে চিকিৎসা করা হচ্ছে বলে দাবি করেছে পরিবার। কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু হলেও রোগী ভর্তিতে দুর্ভোগ অব্যাহত। এই ঘটনাতেও প্রশ্ন উঠেছে এই রেফারেল ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে।