
রাজভবনের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ।
শেষ আপডেট: 18 December 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: আইন অমান্যের অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের আরও কয়েকজন নেতাকে।
আদানি ইস্যুতে এদিন রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। ওই অভিযানকে ঘিরে বুধবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় রাজভবনের সামনে। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ কংগ্রেসের একাধিক নেতা, কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আদানির বিরোধিতা এবং মণিপুরে হিংসা বন্ধ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের তরফে রাজভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন কলকাতা ও জেলা থেকে কংগ্রেস কর্মীরা রাজভবনের সামনে জড়ো হন।
অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। অভিযোগ, কংগ্রেসের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে রাজভবনে ঢোকার চেষ্টা করেন। তখনই তাঁদের গ্রেফতার করা হয়।
যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, শান্তিুপূর্ণ ভাবে কর্মসূচি পালন করা হচ্ছিল। পুলিশ পরিকল্পিতভাবে সেই কর্মসূচিতে হামলা চালাল।