
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পাটুলিতে গণ আদালত বসিয়ে অভিনব প্রতিবাদ করা হয়েছে। কিন্তু শনিবার সেখানে তুলকালাম পরিস্থিতি। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। অভিযোগ, ওই পুলিশ কর্মী আন্দোলনের ছবি, ভিডিও তুলছিলেন। কেন এই কাজ করছিলেন তিনি সেই প্রশ্ন করায় কোনও উত্তর দেননি অফিসার। তারপরই উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়।
শহরের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে অভিনব গণ আদালত বসিয়েছেন পাটুলির বাসিন্দারা। বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, গণ আদালতের সামনে দাঁড়িয়েই ছবি, ভিডিও তুলছিলেন এক পুলিশকর্মী। বিষয়টি বুঝতে পেরে তাঁকে ঘিরে ধরেন কয়েকজন প্রতিবাদী। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রশ্ন তোলেন, কেন তদন্তে কোনও অগ্রগতি হয়নি? কেন পুলিশ নিজের কাজ ঠিক মতো করেনি? এই বিক্ষোভের মাঝে পড়ে পুলিশকর্মীও বচসায় জড়িয়ে পড়েন আমজনতার সঙ্গে। তখন তাঁর ফোন থেকে ছবি, ভিডিও মুছে দিতে জোর করতে থাকেন সকলে। গোটা ইস্যুতে ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকায়।
আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনার বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন চলছে সেখানে অনেকবারই নানা ধরনের বিরূপ ঘটনা ঘটেছে। গত ১৪ অগস্ট রাত দখলের কর্মসূচির দিন আরজি করে ভাঙচুর হয়েছে। সম্প্রতি নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে ইট, পাথর মারার অভিযোগ উঠেছে। তাতে জখমও হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এই পরিস্থিতির মধ্যে পাটুলিতে এবার পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটল।
এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ এখন শহরজুড়ে লাগাতার আন্দোলন চলছে। প্রতিদিনই কোনও না কোনও জায়গায় অবস্থান বিক্ষোভ হচ্ছে, মিছিল বেরোচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পুলিশের সন্দেহ অনেকেই অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করে নানা ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। তাই আগামী ৬ মাসের জন্য একাধিক জিনিস নিয়ে শহরে ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অর্থাৎ ৬ মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।