
পেট্রোল পাম্পে হামলা
শেষ আপডেট: 12 June 2024 23:28
দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেহালায়। বুধবার বিকেলে বেহালার লীলা পেট্রোল পাম্পে স্থানীয় কিছু যুবক মদ্যপ অবস্থায় এসে 'তাণ্ডব' চালায় বলে অভিযোগ। সূত্রের খবর তারা পাম্পের পিছনের বস্তিতে থাকে। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বেহালা থানার পুলিশ।
এই পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল ছাড়াও সিএনজি গ্যাস দেওয়া হয়। প্রত্যেকদিনই সকাল থেকে রাত পর্যন্ত বেশ কিছু গাড়ি এই পেট্রোল পাম্প থেকে গ্যাস নেয়। সেই কারণ রাস্তার ওপর অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। বুধবার এই গাড়িগুলির ওপরই হামলা হয়েছে। সিসিটিভি ফুটেজে হামলার ছবিও ধরা পড়েছে।
ওই ফুটেজে দেখা যায়, বেশকিছু লোকজন এসে আচমকাই রাস্তার ধারে থাকা গাড়িগুলিকে ভাঙচুর করতে থাকে। পাশাপাশি পেট্রোল পাম্পে গিয়ে পাম্পের কর্মীদের মারধরও করে তারা। একই সঙ্গে পেট্রোল পাম্পের কার্ড সোয়াইপ করার যন্ত্রটিও ভেঙ্গে দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। এই ঘটনার জেরে সাময়িকভাবে ওই পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছিল। সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।