
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 22 February 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) শ্লীলতাহানির অভিযোগ! তার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বিশ্ববিদ্যালয়ের অন্দরে (University Campus)। পড়ুয়াদের মধ্যে প্রথম বচসা এবং পরে হাতাহাতি হয় (Student Clash)। এই সময়ে একটি সঙ্গীতানুষ্ঠান চলছিল। উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই অনুষ্ঠানও বাতিল করতে হয়।
অনুষ্ঠানের কারণে অনেক বহিরাগতরা প্রেসিডেন্সিতে এসেছিলেন। অভিযোগ, তাঁদের মধ্যেই কেউ বা কারা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। এই অভিযোগকে কেন্দ্র করেই আইসি এবং এসএফআই-এর ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পড়ুয়ারা মঞ্চেই উঠে পড়েন। ফলে বন্ধ করে দিতে হয় সঙ্গীতানুষ্ঠান। শুক্রবার রাতেই এই ঘটনার রেশ শনিবারও ছিল বিশ্ববিদ্যালয়ে চত্বরে।
পড়ুয়াদের তরফে দাবি করা হয়েছে, অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, অনুষ্ঠান মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই কারণেই ওই প্রাক্তন পড়ুয়ার বিরোধিতা করা হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শেষমেশ, রাজনৈতিক ছোঁয়াও লেগে যায় এই ঘটনায়।
আইসি-র তরফে অভিযোগ, যাঁরা মাইক কেড়ে মারধর করেছিলেন, তাঁরা এসএফআইয়ের সদস্য। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাঁদের তরফে। এই মুহূর্তে থমথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। শনিবার বেশিরভাগ ক্লাস হয়নি বলেই জানা গেছে। এই ঘটনায় আবারও কলেজ-বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ে প্রশ্ন উঠে গেছে।