.jpeg)
ফাইল ছবি
শেষ আপডেট: 12 April 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইন নিয়ে শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ। মৃত্যু পর্যন্ত দেখল রাজ্য। পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। বৈঠকে পশ্চিমবঙ্গের ডিজিপি জানিয়েছেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং তা সবরকমভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয়ভাবে যে বিএসএফ মোতায়েন করা হয়েছে, আপাতত তাঁদের সাহায্য নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৫০-রও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানান, মুর্শিদাবাদ জেলায় স্থানীয়ভাবে মোতায়েন প্রায় ৩০০ বিএসএফ জওয়ান ছাড়াও, রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত ৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রসচিব রাজ্য প্রশাসনের উদ্দেশে বার্তা দেন, অন্যান্য সংবেদনশীল জেলাগুলিতেও কড়া নজরদারি চালাতে হবে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারও পরিস্থিতির ওপর নজর রেখেছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা-সহ সবরকম সহযোগিতা রাজ্যকে করা হবে বলে জানিয়েছে তারা।