
দেবাশিস সোম।
শেষ আপডেট: 25 August 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে তল্লাশি অভিযানের পরে শেষে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হল দেবাশিস সোমকে। আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমকে বিকেল চারটেয় কেষ্টপুরের বাড়ি থেকে বের করে নিয়ে যায় সিবিআই। সেখানেই জেরা করা হবে বলে সূত্রের খবর। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় নাম রয়েছে তাঁরও।
রবিবার সকালে সন্দীপ ঘোষের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানোর সময়ে কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছয় সিবিআই। দেবাশিস আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। এ ছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য দেবাশিস। তিনি রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কমিটিতেও।
এই দেবাশিস সোম সন্দীপ ঘোষের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলেই খবর মিলেছে আরজি কর সূত্রে। এমনকি হাসপাতালে তিনি নিজের বিভাগের চেয়ে বেশি থাকতেন, অধ্যক্ষ সন্দীপের ঘরের পাশে একটি ঘরে। অভিযোগ, হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে তাঁর অতিরিক্ত দাপট ছিল।
কয়েক দিন আগেই আরজি কর হাসপাতালের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাসপাতালে নানা বেআইনি কাজ এবং আর্থিক নয়ছয়ের সঙ্গে দেবাশিস সোম যুক্ত বলেও অভিযোগে জানিয়েছিলে তিনি।