
সন্দীপ ঘোষ
শেষ আপডেট: 29 November 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল। আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই চার্জশিট জমা দিয়েছে।
ওয়াকিবহাল মহলে আগেই আলোচনা চলছিল যে প্রথম চার্জশিটে নাম থাকতে পারে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। হলও তাই। শুক্রবার প্রথম চার্জশিট জমা পড়তেই দেখা গেল সেখানে রয়েছে সন্দীপ ঘোষ-সহ মোট পাঁচ জনের নাম।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরেই সামনে আসে হাসপাতালের দুর্নীতি। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উঠে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ।
শুধু তাই নয় সিবিআইয়ের আরও দাবি ছিল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল, মেমরি কার্ড-সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে সিবিআই। ওই যন্ত্রগুলিতে থাকা নথি থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
সন্দীপ ঘোষের মতো আরও তিনজনকে একইসঙ্গে গ্রেফতার করে সিবিআই। এই তিনজন হলেন বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরা। ধৃতদের মধ্যে বিপ্লবের সংস্থা নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। আগেই তাঁর বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। অন্যদিকে সুমন হাজরার ওষুধের দোকানেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। আর আফসর সন্দীপের নিরাপত্তারক্ষী ছিলেন।