রবিবার নেতাজিনগর থানা এলাকায় এই অভিযানে আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই অর্থ ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া টাকা
শেষ আপডেট: 5 April 2026 19:31
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 202) মধ্যে কালো টাকা ও বেআইনি লেনদেন রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এবার খোদ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ নগদ টাকা। রবিবার নেতাজিনগর থানা এলাকায় এই অভিযানে আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই অর্থ ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত আশুতোষ আগরওয়াল নিউ আলিপুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিশ তাঁর গাড়িতে তল্লাশি চালায়। সিটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই টাকার উৎস কী এবং তা নির্বাচনের কোনও কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে আশুতোষকে ম্যারাথন জেরা করছেন তদন্তকারীরা। কমিশনের নির্দেশ মেনে পুলিশ এই ঘটনায় আইনি পদক্ষেপ শুরু করেছে।
গত ১৫ মার্চ নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে আদর্শ নির্বাচনী বিধি (মডেল কোড অফ কনডাক্ট) বলবৎ হয়েছে। অবাধ ও স্বচ্ছ ভোট করানোর লক্ষ্যে নজরদারি যে কতটা কঠোর, তা স্পষ্ট কমিশনের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যানেই। ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলি থেকে মোট ৪০৮.৮২ কোটি টাকার বেআইনি জিনিস ও নগদ উদ্ধার করেছে কমিশন।
এক নজরে বাজেয়াপ্ত তালিকা
টালিগঞ্জের এই উদ্ধার হওয়া অর্থ কি কেবল হিমশৈলের চূড়া? তদন্তকারীদের অনুমান, ভোটের মুখে শহর ও শহরতলিতে এই ধরনের আরও বেআইনি অর্থের আনাগোনা থাকতে পারে। তাই নাকাতল্লাশি ও গাড়ি পরীক্ষার ক্ষেত্রে বাড়তি কড়াকড়ির নির্দেশ দিয়েছে লালবাজার। আয়কর দফতর খতিয়ে দেখছে, আশুতোষের এই বিপুল অর্থের কোনও বৈধ নথি আছে কি না। সন্তোষজনক জবাব না মিললে গ্রেফতারি বা বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ওই ব্যবসায়ী।