
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 3 October 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার আগের রাতে কলকাতার টালিগঞ্জের করুণাময়ীতে আরজি করের প্রতিবাদ মিছিলে হামলা অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কাঠগড়ায় তোলা হয় তৃণমূলকেই। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, স্থানীয় কাউন্সিলরের নির্দেশেই হামলা চালানো হয়েছে। এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার শহর জুড়ে বিরাট মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আরও একাধিক জায়গায় রাত পর্যন্ত নানা কর্মসূচি হয়েছিল যাতে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ। করুণাময়ীর এমন এক মিছিলেই তৃণমূলের লোকেরা হামলা করেছিল বলে অভিযোগ ওঠে। তৃণমূল কাউন্সিলর (১১৫ নম্বর ওয়ার্ড) রত্না শূর এর পিছনে আছেন বলেই দাবি। একই সঙ্গে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। মামলাকারীর দাবি, গোটা ঘটনা সামলাতে পারত পুলিশ। কিন্তু তাঁরা নিষ্ক্রিয় ছিল। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।
প্রতিবাদীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, করুণাময়ী বাজারের ভিতরে অন্তত ১০০ জনের জমায়েত ছিল রাতে। তারাই বেরিয়ে এসে হামলা করে। ঘটনা পূর্বপরিকল্পিত না হলে এত রাতে বহু সংখ্যক লোকের জমায়েত কোনও জায়গায় হতে পারে না। তাঁদের স্পষ্ট অভিযোগ, কাউন্সিলরের কথা মতোই তারা জমায়েত করে পরিকল্পনামাফিক এই হামলা করেছে। মিছিলে থাকা মহিলা, শিশুদেরও মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অনেকের ফোন ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি।
সংবাদমাধ্যমে অনেকে এও দাবি করেন, তৃণমূল পার্টি অফিস থেকে স্থানীয় নেতারা এসে মিছিলে মেয়েদের হায়ে হাত তুলেছেন। মিছিলে থাকা মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনার প্রতিবাদে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান অভিযোগকারীরা।