
শেষ আপডেট: 5 October 2023 10:48
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর ভয়ে এবার গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরানোর অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে। তিনি যে গোপন অ্যাকাউন্টে টাকা সরিয়েছেন, সেই তথ্য গোপন করে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের কাছেও। এবার এই নিয়ে আদালতের কাছে কড়া ধমক শুনলেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা কিংবা রাজ্য পুলিশের ভয়ে নয়, নেহাত স্ত্রীর ভয়ে টাকা সরিয়ে রাখার ঘটনায় অনেকেই হতবাক! এদিকে এই ঘটনায় আগামী দু’সপ্তাহের মধ্যে সম্পত্তির যাবতীয় তথ্য আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বেহালার বাসিন্দা ওই বৃদ্ধ কানাড়া ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর স্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে বহু আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই কারণে খোরপোশ বাবদ মাসে মাসে বেশ ভাল অঙ্কের টাকাই দেন তিনি। সেই খোরপোশের অঙ্ক নিয়েই যাবতীয় লুকোছাপা। তাঁর জমানো টাকার পরিমাণ প্রকাশ্যে এলে যদি আরও বেশি টাকার খোরপোশ দিতে হয়, সেই ভয়েই নিজের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকার ব্যাপার গোপন করেছিলেন স্বামী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ওই বৃদ্ধকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
অভিযোগ, বেশি খোরপোশ দিতে হবে আঁচ করে ভাইঝির অ্যাকাউন্টে কমপক্ষে ৬০ লক্ষ টাকা সরিয়েছেন ওই ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পর কড়া হুঁশিয়ারি দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, খোরপোশের মামলায় স্বামী-স্ত্রী উভয়পক্ষেরই সম্পত্তির খতিয়ান জমা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে আগেই আদালতের তরফে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও সম্পত্তির হিসেব দেননি স্বামী। তাই এবার তাঁকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। দু’সপ্তাহের মধ্যে ওই তথ্য হলফনামা আকারে আদালতের কাছে জমা দিতে হবে। অন্যথায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে হাইকোর্ট।