
নিজস্ব ছবি
শেষ আপডেট: 5 May 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের (Magma House) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। রাতারাতি সেই কাজও শুরু হয়। সোমবার কলকাতা হাইকোর্ট পুরসভার সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। বিচারপতি জানিয়েছেন, বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন পর্যন্ত রেস্তরাঁ ভাঙা যাবে না।
বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করেই বৃহস্পতিবার বড়বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের নানা বেনিয়মের কথা উল্লেখ করেন তিনি। তখনই পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের প্রসঙ্গ টানেন মমতা।
পাক্কা খবর পেয়ে পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাদাগাদি করে রাখা গ্যাস সিলিন্ডার দেখিয়ে দ্রুত পদক্ষেপের কথা বলেন তিনি। সেই মতোই দেরি না করে বৈঠকে বসেন নগরপাল মনোজ ভার্মা, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসু।
এরপরই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ম্যাগমা হাউজকে বেআইনি নির্মাণ বলে নোটিস ধরিয়ে তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা।
সোমবার রেস্তরাঁর তরফে মামলা দায়ের করা হলে তাদের আইনজীবী বলেন, "কোনও আলোচনা ছাড়াই রুফটফ ভেঙে দিয়েছে পুরসভা ও কলকাতা পুলিশ।" অগস্ট পর্যন্ত ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স আপডেট থাকার পরও ভেঙে দেওয়া হল কেন, সেই প্রশ্নও তোলা হয়। জিনিসপত্র সরিয়ে নিতে ১৫ দিন সময় চায় রেস্তরাঁ কর্তৃপক্ষ।
বিচারপতি সব শুনে বলেন, এভাবে পুরসভা নোটিস দিয়ে রেস্তরাঁ ভাঙতে পারে না। সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয়, গত বছর থেকেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিল্ডিং আইনের ৪০০(৮) নোটিস দেওয়ায় হয়েছিল।
দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারপতি আগামী শুনানি, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রেস্তরাঁ ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।