বাসের ধাক্কায় ছিটকে পড়েন বাইক চালকরা। তাঁদের মধ্যে একজনের পায়ের ওপর দিয়েই গড়িয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনার জেরে তাঁর একটি পা বাদ দিতে হয়।

ঠাকুরপুকুরে দুর্ঘটনা!
শেষ আপডেট: 3 December 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা ঠাকুরপুকুর থানার অন্তর্গত কদমতলা এলাকায় (Thakurpukur Accident)। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে দুটি বাইক ও একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে এক্সপ্রেস বাস।
জানা যায়, বাসের ধাক্কায় ছিটকে পড়েন বাইক চালকরা। তাঁদের মধ্যে একজনের পায়ের ওপর দিয়েই গড়িয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনার জেরে তাঁর একটি পা বাদ দিতে হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাস চালককে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিন সকালে মানিকতলার কাছে আরও একটি দুর্ঘটনা (Maniktala Accident) হয়। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের পড়ুয়া (School student injured)। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় পড়ুয়া। তাঁকে পিষে দিয়েই এগিয়ে যায় ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গেছে, জখম পড়ুয়া বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। এদিন সকালে বাবার সঙ্গে স্কুলেই যাচ্ছিল সে, সেইসময়েই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি বাইকে ধাক্কা মারে। ফলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এরপরই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি (Maniktala accident)। তার আয়ের ওপর দিয়েই লরির চাকা চলে যায়।
শহরের রাস্তায় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা নতুন নয়। মঙ্গলবার বিকেলেই শ্যামবাজার এভি স্কুলের সামনে দুটি বাসের বেপরোয়া গতি এবং রেষারেষির জেরে মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সী শম্ভনাথ দাসের। পেশায় ইংরেজি শিক্ষক ওই প্রৌঢ় রাস্তা পার করতে গিয়ে বাসের রেষারেষির মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারান।
কয়েকদিন আগে কাশীপুরে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ১৫ বছরের কিশোরের। মৃতের নাম অরণ্য চক্রবর্তী। জানা যায়, সাইকেলে চেপে স্কুলে যাওয়ার সময় বেসরকারি বাস পিছন থেকে এসে তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।