
ব্রাত্য বসু। ছবি: সৌম্যদীপ সেন।
শেষ আপডেট: 2 March 2025 17:13
শনিবার যাদবপুরে নির্বাচনের দাবিতে ছাত্রদের আন্দোলন চলছিল, সে সময়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ উঠেছে, তাঁর গাড়ির চাকার তলায় চাপা পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। তবে সরকারের তরফে পাল্টা অভিযোগ, ব্রাত্য বসুকে ঘিরে ফেলে রীতিমতো আক্রমণ চালানো হয় তাঁর উপর।
এই ঘটনা নিয়ে এদিন, রবিবার বিকেলে ব্রাত্য বসুর মুখোমুখি হয় 'দ্য ওয়াল'। সেখানেই শিক্ষামন্ত্রী জানান, তাঁর গাড়িতে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবার সঙ্গে তিনি আলাদা করে কথা বলবেন ফোনে।
এদিন ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, ইন্দ্রানুজ ছাড়াও জখম হওয়া আর এক ছাত্র অভিনব বসুকে নিয়ে। অভিনবর পায়ের উপর দিয়ে যাদবপুরের প্রফেসর ওমপ্রকাশ মিশ্রর গাড়ি চলে গেছে বলে অভিযোগ। কিন্তু শিক্ষামন্ত্রী এদিন জানান, প্রফেসর তাঁকে নিশ্চিত করেছেন, তাঁর গাড়ি কারও পায়ের ওপর দিয়ে যায়নি।
এর পরে ব্রাত্য বসু বলেন, শনিবারের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর।
শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, ছাত্রের চাপা পড়ে যাওয়ার ঘটনায় তাঁর ভাবমূর্তি কি খানিকটা কোণঠাসা? জবাবে মন্ত্রী বলেন, 'আমি তো গাড়ি চালাইনি, আমার ড্রাইভার চালাচ্ছিল, সে বাচ্চা ছেলে। সে ভয় পেয়ে গেছিল। সে একটা জোরে ব্রেক কষে, তাতে একজন ছাত্র পড়ে যায়। এতে আমার ভাবমূর্তি আহত হলে হবে। আমার মনে হয় না, রাজনীতিকদের কোনও স্থায়ী ভাবমূর্তি আছে বলে।'
জখম ছাত্রের পরিবারের উদ্দেশে ব্রাত্য দ্য ওয়ালের মাধ্যমে বার্তা দিয়ে আরও বলেন, 'আমি শুনলাম ছেলেটির বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এক অর্থে আমার সহকর্মী। আমি তাঁর সঙ্গে আলাদা করে ফোনে কথা বলতে পারি।'