
কলকাতার হোটেল থেকে মৃতদেহ উদ্ধার - প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 July 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: শহরের এক হোটেল থেকে আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার বিমানবন্দর সংলগ্ন এক হোটেল থেকে ভিন রাজ্যের বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনি কাজের জন্যই কলকাতায় এসেছিলেন। এটি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ জুলাই আন্দামান নিকোবরের বাসিন্দা আর শ্রীনিবাসা রাও নামের এই ব্যক্তি রুম ভাড়া নিয়েছিলেন। ১৫ তারিখ তাঁর চেক আউট করার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি রুম থেকে বেরিয়ে আসেননি। এরপর ডাকাডাকি করার পরও ব্যক্তি বেরিয়ে না এলে পুলিশে খবর দেন তারা।
বিমানবন্দর থানার পুলিশ হোটেলে এসেও বেশ কয়েকবার ওই ব্যক্তিকে ডাকাডাকি করেছিল। কিন্তু কোনও সাড়া পায়নি। অবশেষে দরজা ভেঙে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সোমবার রাতে মৃতদের উদ্ধার হওয়ার পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাতেই মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। পুলিশের অবশ্য প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে তার কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ব্যক্তির মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। অনুমান করা হচ্ছে, তার ফোনের ডাটা থেকে কিছু অন্তত জানা যাবে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের এক সাংসদ কলকাতায় খুন হয়েছিলেন। সেই ঘটনা ঘিরে ব্যাপক তোলপাড় হয়েছিল রাজ্যে। কয়েক সপ্তাহ আগে আবার শহরের আরেক হোটেলে তরুণীকে গুলি করে আত্মঘাতী হয় এক তরুণ।